গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এটিএম আজহারের

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এটিএম আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা যেন অকালে ঝরে না পড়ে, এজন্য সরকারকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, দেশের অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, কিন্তু যথাযথ সুযোগ-সুবিধার অভাবে তাদের মেধার বিকাশ ঘটছে না। ফলে অনেকেই বিদেশে চলে যাচ্ছে বা তাদের প্রতিভা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। সরকার যদি এদের সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে বিদেশ থেকে মেধা আমদানির প্রয়োজন হবে না এবং দেশের প্রযুক্তি ও উন্নয়ন খাতে বড় অগ্রগতি অর্জন সম্ভব হবে।

বিজ্ঞাপন

Amardesh_Jamate_Islami

শুক্রবার বিকেলে বদরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকবিরোধী বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, মাদক দেশের অন্যতম বড় সমস্যা। এটি শিক্ষার্থীদের মেধা ধ্বংস করছে এবং অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী মাদকের কারণে বিপথে চলে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের মেধাকে সঠিক পথে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, মেধাকে খারাপ কাজে ব্যবহার করলে ব্যক্তি, পরিবার ও সমাজ—সবাই ক্ষতিগ্রস্ত হয়। কিছু অসাধু মানুষ মেধাকে অপব্যবহার করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, তাদের থেকে সতর্ক থাকতে হবে।

Amardesh_Jamate_Islami

বিত্তবানদের উদ্দেশে তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত। আর্থিক সহায়তা পেলে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের ভালোবাসা, মমতা ও নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। পাশাপাশি খারাপ কাজ থেকে বিরত রাখতে শিক্ষকদের আরও সচেতন ভূমিকা রাখতে হবে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, সরকারি প্রোগ্রামার মো. হাবিবুল্লাহ এবং সেক্রেটারি মাওলানা মেনহাজুল ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন