রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সাথে সব সময় আওয়ামী লীগের লোকজন চলাচল করছে। কোন কোন আওয়ামী লীগ নেতাকে পুনর্বাসন করা হচ্ছে, তার তালিকা আমরা দিতে পারব। আওয়ামী লীগকে পুনর্বাসনের এই এজেন্ডা নিয়েছেন সামু—এমন মন্তব্য করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন।
শনিবার বিকেলে রংপুর স্টেডিয়ামের ইনডোর জিমনেশিয়ামে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আজ এখানে সম্মেলন করা হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী জাতীয়তাবাদী হিন্দু নেতৃবৃন্দকে বাদ দিয়ে আজকের এই সম্মেলন। মহানগর বিএনপির আহ্বায়ক সামু নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসনে তার প্রচ্ছন্ন হাত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘পূজা উদযাপন পরিষদের কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের খবর শুনে সনাতনীদের একটি পক্ষ এসে প্রতিবাদ জানায়। এ সময় নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়কে হেনস্তা করা হয়। তাকে হেনস্তা করা হয়েছে—এটা শুনে আমরা এসেছি। ততক্ষণে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আমরা বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছি যে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না।’
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যুবদল নেতা বলেন, ‘তিনি মহানগর যুবদলের আহ্বায়ক, সদস্যসচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কথা বলেছেন। আমরা নাকি এই সম্মেলন পণ্ড করেছি! উনি কি আমাদের চেনেন? মহানগরের যে নেতা আওয়ামী লীগকে পুনর্বাসিত ও প্রতিষ্ঠিত করছেন, তার ইশারায় সন্তোষ শর্মা এসব কথা বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’
তথ্য-প্রমাণ তুলে ধরে মিলন বলেন, ‘দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা কমিটির সভাপতি রামজীবন কুণ্ডু। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় পাকপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের করা কোতোয়ালি থানার মামলায় তিনি এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি। সম্মেলন সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের ৮০ নম্বর সদস্য অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়।’
যুবদল নেতা বলেন, ‘আমরা এর আগেও পুলিশ কমিশনারের কাছে গিয়েছি এই আওয়ামী দোসর যারা এখনো ঘুরেফিরে বেড়াচ্ছে, তাদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তাহলে কারো না কারো ইশারায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।’
বিএনপি নেতার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে যুবদল নেতা আরো বলেন, ‘হট্টগোলের পরে আমরা রামজীবনকে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর রুমে দেখেছি। তার মানে আমরা কি ধরে নেব যে, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু আওয়ামী লীগ বা রামজীবনদের মতো লোকদের পুনর্বাসন করছেন? এটা তো রংপুরের মানুষ জানে। অনেক কিছুই রংপুরবাসী জানে, এটা দিবালোকের মতো স্পষ্ট।’
তবে এ বিষয়ে বক্তব্য জানতে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন ভট্টাচার্য এবং রংপুর জেলা পূজা উদযাপন কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



