বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের জন্মের দিকে হাঁটছে বলে মন্তব্য করেছেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে নীলফামারী ডিসি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, যতক্ষণ পর্যন্ত গণভোটের গণরায় বাস্তবায়ন হবে না এবং জুলাই সনদের সংস্কার কার্যকর হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব নয়। দেশের মানুষ প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ইতোমধ্যে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের উপেক্ষা করে রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের চিন্তা করা হলে তা জনগণ মেনে নেবে না।
জামায়াতের এই নেতা আরও বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে।
সমাবেশে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টুসহ দলীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

