গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাজহারুল মাজেদ বাবু জানান, সোমবার বিকেলে উত্তর হাটবামুনী গ্রামের সঞ্জু মিয়ার মেয়ে সিনথিয়া আক্তার প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে কামড় দেয়। এতে শিশুটি রক্তাক্ত ও গুরুতর আহত হয়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের পাশাপাশি শিয়ালের উপদ্রব বেড়েছে। এতে শিশুসহ সব বয়সের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।
ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা ঘটনার বিস্তারিত জানতে এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত বলেন, কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

