আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিমলায় নদী ও জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন

উপজেলা প্রতিনিধি , ডিমলা (নীলফামারী)

ডিমলায় নদী ও জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন

নীলফামারীর ডিমলা উপজেলার মধ্য দিয়ে খরস্রোতা তিস্তাসহ প্রবাহিত হয়েছে ছোট ছোট অনেকগুলো নদী। দখলে ও দূষণে এসব নদী ও জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে ।

ডিমলার নদীগুলো হচ্ছে নাউতারা, বুড়িতিস্তা, শিঙ্গাহারা, কামনাই ও ধুম নদী। এক সময়ের খরস্রোতা এই নদীগুলো দিনের পর দিন প্রভাবশালীদের করাল থাবায় বেদখল হয়ে যাচ্ছে। অবৈধ দখলদারদের কারণে বাড়ছে দূষণ এবং নিশ্চিহ্ন হতে বসেছে নদীগুলো। যে কারণে জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন।

বিজ্ঞাপন

তিন বছর পূর্বে পুনরোজ্জীবিত করতে নাউতারা ও ধুম নদী খনন করা হয়েছিল কিন্তু আশার গুড়ে বালি। কোনো কাজেই আসেনি। খননের বছরখানেক যেতে না যেতেই দুপাড়ে স্তূপ করে রাখার মাটি বৃষ্টিতে ধসে আবার ভরাট হয়ে গেছে। যে কারণে ছোট ছোট চর জেগে উঠেছে। নদীগুলোতে এখন ধান ও নানা রকমের সবজির চাষ করছে দখলদাররা। নদীগুলোর গতিপথ পরিবর্তনের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে । ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক জীবনযাত্রার মান।

River.

স্থানীয়দের অভিযোগ, অদূরদর্শিতা এবং অপরিকল্পিতভাবে খননের কারণে আগের মতোই রয়ে গেছে এসব নদী। খননকাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। পাউবো ডালিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ছোট নদ-নদী, খাল ও জলাশয় খনন করে পানি সংরক্ষণের ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে ২০১৮-১৯ অর্থবছরে একটি প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। প্রকল্পের অধীনে ১২ কোটি টাকা ব‍্যয়ে নাউতারা ও ধুম নদীর ৪০ কিলোমিটার খনন করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

খনন সম্পন্ন হয় ২০২২ সালের জানুয়ারি মাসে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নাউতারা ও ধুম নদী থেকে খনন করে উত্তোলিত বালু স্তূপ করে রেখে দেয় নদীর পাড়েই। বৃষ্টির পানির তোড়ে এ বালুগুলো পুনরায় নদীগর্ভে গিয়ে ভরাট হয়ে যায়। ফলে খননের কাজ শেষ হতে না হতেই নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ব্যাহত হয় খননের লক্ষ্যমাত্রা। নদীগুলো নাব্যতা ফিরে পাওয়ার বদলে নাব্যতা হারিয়ে চরে পরিণত হয়। সেই সুযোগে স্থানীয় প্রভাবশালীরা অবৈধ দখল নিয়ে সেখানে ধানসহ নানা রকমের ফসল ফলাতে শুরু করেন ।

অপরিকল্পিত খননের বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, মাটির ধরনের কারণে এ অঞ্চলের নদী খননের পর সমস্যা হচ্ছে। নদীগুলোতে বালুর পরিমাণ বেশি। তাই খননের পরপরই আবার ভরাট হয়ে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন