বিনামূল্যে হার্নিয়া-হাইড্রোসিল অপারেশন করবে রংপুর কমিউনিটি হাসপাতাল

বিনামূল্যে হার্নিয়া-হাইড্রোসিল অপারেশন করবে রংপুর কমিউনিটি হাসপাতাল

অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কর্মসূচির ঘোষণা দিয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী ও মানবিক করে তুলবে।” তিনি হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল শুধু চিকিৎসাসেবা প্রদানেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনায়ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করতে হাসপাতালটি নিরলসভাবে কাজ করছে। বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ পাবেন। ফলে চিকিৎসা ব্যয়ের কারণে যারা দীর্ঘদিন ধরে অপারেশন করাতে পারছিলেন না, তারা এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন।

স্বাস্থ্যসেবাকে আরও মানবিক ও জনমুখী করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন