লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইসমাইল মাহমুদ পাটওয়ারী নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে ইসমাইল মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসমাইল মাহমুদ পাটওয়ারী রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য হিসেবে রয়েছেন। পৌর শহরের ধানহাটাসংলগ্ন এলাকায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। পাশাপাশি রায়পুর পৌরসভার সহকারী কর আদায়কারী হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে তার পরিবারের বক্তব্য জানতে স্ত্রী তাহমিনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন