গলায় চাপাতি ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

গলায় চাপাতি ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নীলফামারীর কিশোরগঞ্জে এক মুরগি ব্যবসায়ীর বাড়িতে হাত পা বেঁধে ও পরিবারের সদস্যদের গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে। ডাকাতরা স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউপির মুশা বটতলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বুধবার গভীর রাতে সিদ্দিকের বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতরা রাত ২টার দিকে পাঁচজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে নেয়। ব্যবসায়ী সিদ্দিকের হাত পা বেঁধে ও পরিবারের সদস্যদের গলায় চাপাতি ঠেকিয়ে ঘরের আসবাবপত্র কাপড় চোপড় তছনছ করে ৮ লাখ টাকা, চারটি গলার হারসহ ৮ ভরি সোনা, দুইটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যদের চিৎকারে লোকজন ছুটে এসে ডাকাতদের লুট করা ও ঘরের আসবাবপত্র তছনছ করার দৃশ্য দেখে আতংকিত হয়ে পড়ে।

মুরগি ব্যবসায়ী সিদ্দিক জানান, আমার মাকে ভয় দেখিয়ে ডাকাতরা হঠাৎ সবাই জিম্মি করে। একজনের মুখে মাস্ক ও লুঙ্গি পরা আর বাকি চারজনের পরনে ছিল থ্রি কোয়াটার প্যান্ট খালি গায়ে। হাতে ছিল চাপাতি, লাঠি ও অন্যান্য অস্ত্র। প্রথমে আমাকে বেঁধে রাখে এবং মারধর করে। পরে তারা আমার স্ত্রী গলায় চাপাতি ঠেকিয়ে নগদ অর্থ ও স্বর্ণ বের করে নেয়। পরিবারের অন্যান্য সদস্যদের গলায় চাপাতি ঠেকিয়ে রাখে।

ওই ব্যবসায়ীর বড় ভাই লাল মিয়া জানান, আমি কিশোরগঞ্জে থাকি। রাত সাড়ে তিনটার দিকে আমাকে ফোন দিয়ে জানানো হয় বাড়িতে ডাকাতি হয়েছে। আমি থানায় অবগত করে সেখানে ছুটে গিয়ে দেখি ভাইয়ের ঘর তছনছ। ডাকাতরা অর্থ ও স্বণ নিয়ে দ্রুত সরে যায়।

ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গ্রেনেট বাবু বলেন, গভীর রাতে একজনের মুখে মাস্ক, অন্যান্যরা খালি গায়ে অস্ত্র শস্ত্রসহ সিদ্দিকের মাকে দরজা খুলে দিতে বলে। না হলে তার ছেলেকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। তার মা দরজা খুলে দিলে ডাকাতরা অস্ত্র অস্ত্রে গোটা বাড়ির লোকজনকে জিম্মি করে করে ৮ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। টাকা ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন