সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখেই কাজ করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখেই কাজ করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি সবসময় সাধারণ মানুষের দল এবং দলটি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে চায় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সমাজে কোনো অবস্থাতেই বিভাজন তৈরি করতে চাই না। সমাজে সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করলে শৃঙ্খলা বজায় থাকে এবং প্রতিটি কাজ সহজ হয়, অন্যথায় কেউ শান্তিতে থাকা সম্ভব নয়। আসন্ন দুর্গোৎসব যাতে নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

শুক্রবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি প্রকৌশলী গজেন চন্দ্র বর্মন স্বপন, দিলীপ চন্দ্র রায়, জিতেন রায় প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ করেন। পাশাপাশি দরিদ্র, মেধাবী শিক্ষার্থী, অসচ্ছল প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

এছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়াসহ দুরারোগ্য সাতটি রোগে আক্রান্ত রোগীদের মাঝেও এককালীন আর্থিক সহায়তার চেক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। সভা ও বিতরণ কার্যক্রম শেষে তিনি নবাবগঞ্জ কারিগরি কলেজের নবনির্মিত চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন