নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় নলিত চন্দ্র (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক চান মিয়া (৪৫) ও ভ্যানে থাকা যাত্রী আজগার আলী (৩৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর আনুমানিক ২টার দিকে জলঢাকা-ডিমলা সড়কের গোলনা দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নলিত চন্দ্র জলঢাকা উপজেলার খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুক চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, চান মিয়ার ভ্যানটি গোলনা বাজার থেকে কালীগঞ্জ বাজারের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নলিত চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে নেওয়ার পথে নলিত চন্দ্র মারা যান।
এ ঘটনায় জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

