আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে ১৮০ দিনের টার্গেট দিলেন ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে ১৮০ দিনের টার্গেট দিলেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাটসহ রংপুর অঞ্চলের উন্নয়নে স্থবিরতা কাটিয়ে জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে ১৮০ দিনের বিশেষ ‘টার্গেট’ বেধে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ত্রাণমন্ত্রী বলেন, জেলায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্নযোগ্য কাজগুলো চিহ্নিত করতে প্রশাসনকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র ও পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে ওই পরিকল্পনার আলোকে আগামী ১৮০ দিনের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করা হবে।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু আরো বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে যাতায়াত, জেলার ফোর লেন সড়ক নির্মাণ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কার্যকর আলোচনা চলছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও ক্যাসিনো কালচার নির্মূলের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিশেষ আলোচনা হয়েছে বলেও জানান ত্রাণমন্ত্রী।

এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন