মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রংপুরের বদরগঞ্জে শতাধিক শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার পাশাপাশি নিজেদের পরিবার ও সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।
শুক্রবার বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর বাংলাদেশ’ আয়োজিত মাদকবিরোধী প্রচারণা ও কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান।
আয়োজকরা জানান, এর আগে উপজেলার বিভিন্ন কলেজে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি কয়েক হাজার শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় ‘আগামীর বাংলাদেশ’-এর সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য সানোয়ার খান, ডা. আরিফুর রহমান, সাংবাদিক মোকাররম হোসাইন, অ্যাডভোকেট সাব্বির হোসেন, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুত হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরিফ হাসান, সাজ্জাদ হোসাইন সাজু এবং আব্দুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে পারলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠানে ‘আগামীর বাংলাদেশ’-এর স্থায়ী পরিষদ সদস্য ডা. আরিফুর রহমানকে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে কুতুবপুর ডিগ্রি কলেজের ফাহিম হোসেন প্রথম, লালদীঘি পীরপাল কলেজের ফাল্গুনী আক্তার দ্বিতীয় এবং বদরগঞ্জ সরকারি কলেজের মারুফ হোসেন তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে বক্তারা ‘আগামীর বাংলাদেশ’-এর বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনটি দীর্ঘ ১২ বছর ধরে উপজেলার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা সহায়তা, শিক্ষাবৃত্তি, ভর্তি সহযোগিতা এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের সভাপতি সেলিম সরকার বলেন, “শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং একটি শিক্ষিত, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এখন টেলিভিশনের রংপুর ব্যুরো ইনচার্জ মোকাররম হোসাইন বলেন, “আগামীর বাংলাদেশ শুধু শিক্ষা নয়, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে সংগঠনটি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সচেতন করতে নিরলসভাবে কাজ করছে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে মাদকবিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দিতে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

