আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক নিহত, আহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক আব্দুল মজিদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা ২ জন চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টায় ডোমার-ডিমলা রোডের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো- (ট ২৪-১২৯০) নাম্বারের একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি বাংলা অটো উল্টে যায়। এ সময় অটোর চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত অটোচালকের নাম আব্দুল মজিদ (৫০) পিতা আজিজার রহমান। তিনি উপজেলার ক্লাবেরপাড় এলাকার ব্রোমোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা।

দুর্ঘটনার আহত হয়েছেন অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান(১৫) উভয়ের পিতা মোজাহার হোসেন। দুর্ঘটনায় স্নেহার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অটোতে থাকা শিশুদের মা অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন