পুনর্ভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু

পুনর্ভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর ও বিরল উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে নৌকা ডুবে আফজাল হোসেন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নিহত আফজাল হোসেন বিরল উপজেলার ধর্মপুর গ্রামের মৃত গেদু মোহাম্মদের ছেলে।

রোববার দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে নিজের আলুক্ষেতে কাজ করছিলেন আফজাল হোসেন। রোববার সকাল ৯টার দিকে বিরল উপজেলার ধর্মপুর থেকে তার পুত্রবধূ ও দুই নাতি খাবার নিয়ে নদীর পশ্চিম তীরে অপেক্ষা করছিলেন। খাবার নেওয়ার জন্য আফজাল হোসেন একটি ডিঙ্গি নৌকা নিয়ে নদী পার হয়ে সেখানে যান। পুত্রবধূ ও দুই নাতির কাছ থেকে খাবার নিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে পুনরায় নদীর পূর্ব পাড়ে আলুক্ষেতে ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ডুবে যায়। এ সময় আশপাশের নৌকার লোকজন এগিয়ে এসে পুত্রবধূ ও দুই নাতিকে উদ্ধার করতে পারলেও আফজাল হোসেনকে রক্ষা করতে পারেননি। তিনি নদীর স্রোতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ফিরোজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ওবায়দুল ইসলামের নেতৃত্বে এবং ডুবুরি খাদিমুল ইসলামসহ একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে আফজাল হোসেনের লাশ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে আফজাল হোসেনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন