ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু, আহত ৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু, আহত ৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুই নারীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং একই এলাকার লাইলী বেগম। লাইলী বেগমের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন, মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), ও বড় বালিয়া এলাকার জরিনা (৪০) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ। পিকআপটি কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও লাইলী বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত হারুনুর রশিদ ও সাহিরুল ইসলামসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় পিকআপের চালক মো. হাবিবুর রহমানকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে। তাকে পিকআপসহ ভূল্লী থানায় নেওয়া হয়েছে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কচুবাড়ী এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন