নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

নীলফামারীর ডোমার পৌরসভার মাদরাসা পাড়া এলাকায় মশা তাড়াতে জ্বালানো তুষের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হাই মাস্টারের পরিবারে এই দুর্ঘটনা ঘটে। তার দুই ছেলে—জুতা ব্যবসায়ী আব্দুল ওয়াজেদ আনছারি (৪০) ও বাদাম ব্যবসায়ী আব্দুল ওয়ারেছ আনছারি (৪৫)—এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হন।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা গেছে, তাদের মা খাদিজা বেগম (৬৫) মাগরিবের নামাজের আগে মশা তাড়ানোর উদ্দেশ্যে তুষে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। পরে তিনি নামাজে দাঁড়ালে অসতর্কতাবশত সেই আগুন পাশের একটি চিপসের প্যাকেটের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও কয়েকটি ঘরে বিস্তার লাভ করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডোমার ইউনিটের একটি দল। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ডোমার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামাল হোসেন জানান, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।

এ সময় ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজে সহযোগিতা করে।

স্থানীয়দের মতে, অসতর্কভাবে আগুন ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...