সংবাদ প্রকাশের জেরে হামলায় আহত জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালকে দেখতে হাসপাতালে গেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। রোববার বিকেলে গঙ্গাচড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।
সাংবাদিক আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি।
এ সময় এমপি রায়হান সিরাজী বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম ও বাস্তবতা তুলে ধরেন। একজন সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় মামলা হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
একই সঙ্গে আহত সাংবাদিকের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুব হাসান জানান, সাংবাদিক দুলালের মাথায় আঘাত ও বাম পায়ে জখম রয়েছে।
অভিযোগ রয়েছে, গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক দুলালের ওপর হামলা করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয় উপজেলা প্রশাসন। পরে এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উমর বাজারে সাংবাদিক দুলালের পথরোধ করে কয়েকজন হামলা করেন বলে অভিযোগ। হামলাকারীরা তাকে গলা চেপে ধরেন এবং পেছন থেকে হাত আটকে কুড়ালের উল্টো পিঠ দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। পরে তার সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও Oppo A57 মোবাইল ফোন নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়ন, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
সাংবাদিক সংগঠনগুলো হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর ছবুর বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

