কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে চন্দ্রখানা সাউদপাড়া এলাকার শত বছরের একটি পুরোনো রাস্তা কেটে পুকুরের সঙ্গে যুক্ত করা এবং বেড়া (চ্যাকার) দিয়ে বসতবাড়ির অংশ হিসেবে দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আব্দুর রহমান সাউদ রাস্তাটির কিছু অংশ কেটে পুকুরে মিলিয়ে নিয়েছেন এবং রমজান আলী খাঁ কিছু অংশ বেড়া দিয়ে ঘিরে দখলে নিয়েছেন। এতে রাস্তাটি অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়া এলাকাবাসী রাস্তাটি অবিলম্বে দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
জানা গেছে, শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী রাস্তাটি দিয়ে আগে গরু ও মহিষের গাড়ি অনায়াসে চলাচল করত। কিন্তু বর্তমানে এটি দখলের কারণে এতটাই সংকুচিত হয়ে পড়েছে যে, একটি অটোরিকশা, ভ্যান বা এমনকি মৃত ব্যক্তির লাশ বহনের খাটলি নিয়ে যাওয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে এ রাস্তায় চলাচলকারী শত শত মানুষ চরম বিপাকে পড়েছেন।
এলাকাবাসী রাস্তাটি দখলমুক্ত ও সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী ও কার্যকর সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দা এরশাদ আলী বলেন, আমাদের গ্রামের শত বছরের এই রাস্তা দিয়ে আমাদের বাপ-দাদারা চলাচল করেছেন। আগে গরু-মহিষের গাড়ি যাতায়াত করত। কিন্তু এখন রাস্তাটি দখলের কারণে আমাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। সংকুচিত এই সড়ক দিয়ে মৃত মানুষের দাফনের জন্য খাটলি পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ে রাস্তাটি দখলমুক্ত ও সংস্কার করার দাবি জানাচ্ছি।
অন্য এক স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান কাজল বলেন, পুরোনো এই রাস্তাটি দখলের কারণে আমাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি দখলমুক্ত করে যদি সম্প্রসারণের কাজ শুরু করা হয়, তবে প্রয়োজন হলে আমি নিজ থেকে ২ শতাংশ জমি দান করব।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রমজান আলী খাঁ বলেন, রাস্তাটি আমার মালিকানাধীন জমির মধ্যে হওয়ায় আমি বেড়া দিয়েছি। আমাকে নির্যাতন করার কারণেই আমি এমনটি করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার জানান, এলাকাবাসীর লিখিত আবেদনের ভিত্তিতে ইউনিয়ন তহশিলদারকে জমির মালিকানা যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

