আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে ৩৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২১৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন।
উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাটে প্রায় ২৪৮ কিলোমিটার ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে। জেলার ৫টি উপজেলার মধ্যে চারটি উপজেলা সীমান্ত দ্বারা বেষ্টিত। বিশেষ করে সীমান্তবর্তী পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলায় অবস্থিত ভোট কেন্দ্রগুলোতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপশি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করেছে। অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, তিনটি সংসদীয় আসন—লালমনিরহাট-১, ২ ও ৩—এ মোট ৩৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১১টি গুরুত্বপূর্ণ (হলুদ) এবং ১০৭টি অতি গুরুত্বপূর্ণ (লাল) হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় থাকা ৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি গুরুত্বপূর্ণ ও ২৫টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন।
পুলিশ জানিয়েছে, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে শ্রেণিবিন্যাস করা হয়েছে। ‘ঝুঁকিপূর্ণ’ শব্দ পরিহার করে এগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
লালমনিরহাট-১ আসন (পাটগ্রাম–হাতীবান্ধা) একটি পৌরসভা এবং ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৭০৭ জন, নারী ভোটার ২ লাখ ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
এই আসনের ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টি গুরুত্বপূর্ণ ও ৪২টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ–আদিতমারী) ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২০০ জন এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৭৬১ জন।
এ আসনের ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪টি গুরুত্বপূর্ণ ও ৪৮টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
লালমনিরহাট-৩ আসন (সদর) ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮০১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
এই আসনের ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি গুরুত্বপূর্ণ এবং ১৬টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনটি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োজিত করা হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা এবং পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও করা হবে।
বিজিবি সূত্রে জানা গেছে,আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে বিশেষ টহল, অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচনি মাঠের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ করে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। চলছে নিয়মিত টহল ও তল্লাশি। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সীমান্তের গ্রামগুলোতে টহল জোরদারসহ সন্দেহভাজনদের তল্লাসী অব্যাহত রেখেছে।
পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন,“সাধারণ মানুষের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে নিশ্চিত করতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। পুলিশ সদস্যদের পাশাপাশি সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের ভোটার বিলকিছ বেগম, রহিমা খাতুন, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ফাতেমা, মন্তাজুর, কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তের রাবেয়া বেগম, মালা রানীসহ অনেকেই বলেন, ‘ভোট দিতে গিয়ে যেন ভয় কাজ না করে, সেই নিশ্চয়তা আমরা সীমান্তে এলাকার ভোটাররা চাই। এজন্য বিজিবির পাশাপাশি অন্যান্য বাহিনীও যেন আমাদেরকে নিরাপত্তা দেয়, সেই দাবী জানাই।
স্থানীয় ভোটারদের অভিযোগ, সীমান্তবর্তী হওয়ায় এই অঞ্চলে অস্ত্র ও সন্ত্রাসের ঝুঁকি তুলনামূলক বেশি। অতীতের নির্বাচনি অভিজ্ঞতা মানুষের মনে এখনো আতঙ্ক তৈরি করে। তাদের দাবি, সীমান্তের ভোটারদের কঠোর নজরদারি ও দৃশ্যমান টহল নিশ্চিত করা খুবই জরুরি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, চেকপোস্ট ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী চার উপজেলাসহ লালমনিরহাটে ২২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

