বগুড়ার শেরপুরে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত সজীব প্রামাণিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।
জানা যায়, নিহত সজীব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাবগাছ থেকে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা (পালক) মাসুদা জানান, ‘রাত আনুমানিক ৩টার দিকে সজীব বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে ভোরে তার মৃত্যুর খবর পান। নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত ৩টা পর্যন্ত সজীব বাড়িতে ছিল। সকালে জানতে পারি, সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি ‘
স্থানীয়রা জানান, সজীব পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশা করতেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

