জুলাই শহীদ রাদীফ হোসেন রুশোর পরিবারের ওপর হামলা

জুলাই শহীদ রাদীফ হোসেন রুশোর পরিবারের ওপর হামলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই আমসা বাজার এলাকায় জুলাই শহীদ রাদীফ হোসেন রুশোর পরিবারের সদস্যদের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে হামলাকারীরা দলবল নিয়ে লাঠিসোটা নিয়ে শহীদ রাদীফের চাচা রিয়াজুল হকের (৩৫) বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা রিয়াজুল হককে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। স্বামীকে বাঁচাতে রিয়াজুলের স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

হামলায় রিয়াজুল হকের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জুলাই শহীদ রাদীফ হোসেন রুশোর বাবা জিয়াউর রহমান বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বাড়িতে আমি নেই—এমন সুযোগে আমার প্রতিবেশী হাবিবু প্রামাণিক, আশিকুর প্রামাণিক, মাহাবুর প্রামাণিক ও আর্জিনা বেগম মিলে আমার ছোট ভাই রিয়াজুলের বাড়িতে গিয়ে হামলা চালান।’

তিনি আরও বলেন, হামলায় তাঁর ছোট ভাই রিয়াজুল ও তাঁর স্ত্রী খাদিজা আহত হয়েছেন। রিয়াজুলের অবস্থা ভালো নয়। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিয়াউর রহমানের দাবি, জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন