তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসা শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন