নিয়োগ পরিক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চারজন ধরা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

নিয়োগ পরিক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চারজন ধরা

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাস্টার কার্ড ও ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শনিবার পরীক্ষা চলাকালে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন সদর উপজেলার ভবানীপুর গ্রামের শামসুল হকের ছেলে ছাইমুন ইসলাম (২৫) , গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের বুলবুল আহমেদের ছেলে আহমেদ রাশেদ রিদয় (২৪) , সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে আসাদুজ্জামান (২১) ও ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শাহ সুলতান (৩২)।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি ও হিসাব সহকারী তিনটি শুন্যপদের বিপরীতে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। আটকরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের প্রার্থী হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন। এর আগে গত ৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জেলা প্রশাসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটকদের মধ্যে দু’জন পরীক্ষায় (প্রক্সি) বদলি হিসেবে ও দু’জনের কাছে ডিভাইস পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...