দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাত সোয়া ২টায় হিলির ১নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আনিক ওই গ্রামের নিশিথ সরকারের ছেলে।
হাকিমপুর থানার ওসি সুজন মিয়া বলেন, গত ৫ই আগস্ট হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে হামলায় শিক্ষার্থী সূর্য ও নাঈম নিহত হয়। নিহতের ঘটনায় নিহত এক শিক্ষার্থীর বড় ভাই সুজন বাদী হয়ে ১৯ আগস্ট থানায় হত্যা মামলা দায়ের করে ।
মামলায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখপূর্বক প্রায় ১০০ জনকে মামলায় অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করে। সেই মামলা তদন্তে আসামি অনিক সরকারের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গতকাল নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

