চিলমারীর ভাসানী সেতু ভাগ্য খুলে দিয়েছে কৃষকের

সিদ্দিকুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম)

চিলমারীর ভাসানী সেতু ভাগ্য খুলে দিয়েছে কৃষকের
চিলমারীতে তিস্তা নদীতে ভাসানী সেতুর নিচে জেগে উঠেছে চর। সেই চরে চাষাবাদ করছেন কৃষক। আমার দেশ

কুড়িগ্রামের চিলমারীতে তিস্তা নদীতে ভাসানী সেতু নির্মাণ হওয়ায় ভাগ্য খুলেছে কৃষকের। চর জেগে উঠায় ফিরে পেয়েছে নদীভাঙনে বিলীন হয়ে যাওয়া জমি। সেই জমিতে ফসল ফলিয়ে স্বপ্নপূরণ হয়েছে কৃষকের। ভাসানী সেতু যেমন চিলমারী-সুন্দরগঞ্জ দুই উপজেলার বন্ধন সৃষ্টি করে সেতুর নিচে জেগে উঠেছে কৃষকের স্বপ্ন, মুখে ফুটেছে সুখের হাসি। সেতুর নির্মাণে তিস্তার বুকে জেগে ওঠা শতশত হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের বাম্পার ফলন পেয়েছেন স্থানীয় কৃষকেরা।

জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পাশাপাশি হলেও তিস্তার গ্রাসে তীরবর্তী শতশত পরিবার বাড়িঘর হারিয়ে হয়েছে নিঃস্ব, সেই সঙ্গে দুটি উপজেলার মানুষের যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। দুই উপজেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলার বন্ধন সৃষ্টি ও স্বপ্নপূরণ হয় চিলমারী-সুন্দরগঞ্জ উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর ওপর ভাসানী সেতুর নির্মাণে।

বিজ্ঞাপন

জেগে ওঠা তিস্তার চরে কৃষকেরা ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের চাষে সবুজে সমারোহ করে তুলেছে ভাসানী সেতু এলাকার তিস্তার বুকে। দীর্ঘদিন পর হারানো জমিতে ফসলের চাষ করতে পেরে কৃষকদের মুখে ফুটে উঠেছে সুখের হাসি। কৃষক সোহরাব আলী, আনোয়ার বলেন, সেতু নির্মাণ ও ভাঙন রোধে বাঁধ দেওয়ার তিস্তার বুকে শতশত হেক্টর জমি জেগে উঠায় ভুট্টাচাষ করা হয়েছে, ফলনও ভালো হয়েছে, আশা করছি সংকট কাটিয়ে উঠতে পারব। জমির আশা ছেড়েই দিয়েছিলাম, ভাঙনে ছিলাম দিশাহারা, সেতু নির্মাণের কারণে আশা জেগেছে, এখন ঘরে ঘরে সুখ ফিরবে বললেন স্থানীয় সুলতান মিয়া। স্থানীয় ব্যবসায়ী ফাহমিদুল হক বলেন, কল্পনা ছিল না ভেঙে যাওয়া হাজারো হেক্টর জমি জেগে উঠবে, আবারও কৃষক ফসল ফলাতে পারবে, সেই স্বপ্ন আর আশা পূরণ হলো সেতু ও বাঁধ নির্মাণে।

তিনি আরো জানান, সেতু নির্মাণে কৃষকেরা এখন যোগাযোগ ব্যবস্থার কারণে বেশি মূল্যে উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে। কৃষকরা যেমন লাভবান হবে ব্যবসায়ীরাও স্বল্প খরচে দেশের বিভিন্ন স্থানে নিতে পারবে। কৃষি বিভাগের তথ্যমতে সেতু নির্মাণের ফলে বিগত দিনের চেয়ে এবারে তিস্তার চরে ব্যাপক ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের চাষ হয়েছে এবং ফসলও অনেক ভালো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন