দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল
ছবি: আমার দেশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, বোর্ডের অধীন ৪৯টি কলেজের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানের ফলাফল শূন্য (শতভাগ অকৃতকার্য)।

বিজ্ঞাপন

শূন্য ফলাফলপ্রাপ্ত ৪৯টি কলেজের মধ্যে রয়েছে—

নীলফামারী জেলা: কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ী মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ ও নয়নখাল স্কুল অ্যান্ড কলেজ; নীলফামারী সদর উপজেলার আদর্শ কলেজ, পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ, তরনীবাড়ী স্কুল অ্যান্ড কলেজ ও সৃজনশীল কলেজ; ডোমার উপজেলার জমিরবাড়ী মহিলা মহাবিদ্যালয়; জলঢাকা উপজেলার সমির উদ্দিন আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ; ডিমলা উপজেলার আদাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ ও গয়াখড়িবাড়ী নীলা কলেজ এবং বন্দুকড়া নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ।

কুড়িগ্রাম জেলা: ভূরুঙ্গামারী উপজেলার শৌলমারী আদর্শ মহিলা কলেজ; নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজ, কুটিপায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ও চিলাখানা মডেল কলেজ; রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীরহাট স্কুল অ্যান্ড কলেজ ও পান্থাপাড়া রানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ; চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ।

ঠাকুরগাঁও জেলা: বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মোরলহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ ও রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজ; ঠাকুরগাঁও সদর উপজেলার কদম রসুলহাট স্কুল অ্যান্ড কলেজ ও সালান্দার মহিলা কলেজ; রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ী স্কুল অ্যান্ড কলেজ, গোগর কলেজ ও রাতোর নগর স্কুল অ্যান্ড কলেজ; পীরগঞ্জ উপজেলার একরামুল শহীদ সালাউদ্দীন স্কুল অ্যান্ড কলেজ।

রংপুর জেলা: পীরগঞ্জ উপজেলার কাদীরাবাদ মহিলা কলেজ, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ ও এমাদপুর কলেজ।

দিনাজপুর জেলা: বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজ ও সনকা আদর্শ কলেজ; ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ও বেপারীতলা আদর্শ কলেজ; হাকিমপুর উপজেলার বোয়ালদার স্কুল অ্যান্ড কলেজ ও হিলির পৌষগাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

পঞ্চগড় জেলা: বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ; তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ।

লালমনিরহাট জেলা: কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ, দুহুলী এসসি হাই স্কুল অ্যান্ড কলেজ ও দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ; আদিতমারী উপজেলার গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ; হাতীবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজ।

গাইবান্ধা জেলা: পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ; সাঘাটা উপজেলার জমারবাড়ী মহিলা কলেজ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, শূন্য ফলাফলপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানের অধিকাংশেই পরীক্ষার্থীর সংখ্যা ছিল নামমাত্র—১ থেকে ৩ জন। কয়েকটি কলেজে পরীক্ষার্থী ছিলেন ৪ থেকে ১০ জন। এছাড়া চার-পাঁচটি কলেজে ১১ থেকে ২৪ জন, একটিতে ৪০ জন এবং একটি কলেজে ৫১ জন পরীক্ষার্থী ছিলেন, যাদের সবাই অকৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি, সেগুলোর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন