দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ঠাকুরগাঁ জেলার একটি কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষা শেষে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, বোর্ডের অধীনে মোট ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৩৭ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১৩ শতাংশ।
জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— রংপুরে ৩৭৯ জন, গাইবান্ধায় ৩২৪ জন, দিনাজপুরে ৩৬৬ জন, নীলফামারীতে ২৩২ জন, কুড়িগ্রামে ২০৪ জন, ঠাকুরগাঁয়ে ১৬০ জন, লালমনিরহাটে ১৩৪ জন এবং পঞ্চগড়ে ১২৮ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁ জেলার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কেন্দ্র সংশ্লিষ্টদের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে। আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

