লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় ভারত থেকে আসা একটি বাঘের আকস্মিক আক্রমণে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আহত ব্যক্তিরা হলেন—আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতে তাঁর পালিত ছাগল খুঁজতে যান। ছাগলটির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে আগে থেকে ওত পেতে থাকা বাঘটি তাঁর ওপর চড়াও হয় এবং আক্রমণ চালায়। এ সময় তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘের হামলায় আরও দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোনাব্বেরুল হক (মোনা) সাংবাদিকদের বলেন, ‘সীমান্তের খুব কাছাকাছি এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বর্তমানে বাঘটি একটি জমির ভেতরে অবস্থান করছে এবং স্থানীয় জনতা চারপাশ থেকে সেটি ঘেরাও করে রেখেছে।
এদিকে এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে বন্য বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। বাঘের আকস্মিক হামলায় তিনজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ১৫ বিজিবির অধিনায়কসহ একটি বিশেষ টহল দল উপস্থিত রয়েছে।
এ ছাড়া বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

