ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি মাদরাসার দৃষ্টিনন্দন প্রধান ফটক সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে বজ্রপাতে প্রতিষ্ঠানটির একটি শ্রেণিকক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারের আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার সেনগাঁও ইউনিয়নের বেলদহী মডেল দাখিল মাদরাসার নান্দনিক প্রধান ফটকটি ভেঙে পড়ে। বাঁশ ও প্লেনসিট দিয়ে নির্মিত কারুকার্যময় এই গেটটি তার সৌন্দর্য ও নির্মাণশৈলীর জন্য এলাকায় বিশেষভাবে পরিচিত ছিল।
ঝড়ে গেটটি ধ্বংস হয়ে যাওয়ায় গভীর আবেগ প্রকাশ করে মাদরাসার সুপার জয়নাল আবেদীন মঙ্গলবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন‘ ২৬/০৪/২০২৬ তারিখ আনুমানিক ১২.৩০ টার সময় প্রচণ্ড সর্বগ্রাসী কাল বৈশাখী ঝড়ের আঘাতে বেলদহী মডেল দাখিল মাদ্রাসা মেইন গেট ভেঙে লন্ডভন্ড হয়ে যায়।

এত সুন্দর কারুকার্য, নির্মাণশৈলী যা দেখে সকলের মন ভরে যায় কিন্তু এখন তো কেউ দেখতে পাবে না এমন একটি গেইট। সর্বগ্রাসী বৈশাখ যেন আমার হৃদয়ের কলিজা ছিনিয়ে উড়িয়ে নিয়ে প্রশান্ত মহাসাগরের অতল তলায় ডুবিয়ে দিলো।
হে বৈখাশ! তুমি কেন আমার এমন করলে? আমি তোমার কি ক্ষতি করেছি, কি রাগ তোমার? তুমি কি এতই নির্মম এতো নিষ্ঠুর! আমার ২৭ বছরের সাধনা নিমিষে নিঃশেষ করে দিলা। তুমি কি পারো না তোমার ক্ষমতায় এমন একটি গেট নির্মাণ করে দিতে? মিনতি আমার। নইলে যে আমার হৃদয়ের ক্ষতবিক্ষত আমার গ্লানি কি মুছবে?

তোমায় প্রশ্ন করি হে বৈশাখ। নতুন বছরে আগমনে যেখানে তোমায় আমরা সকলেই ভালবাসি কিন্তু এ কি করলে? সমাজে অনেক রক্ত পিপাসু বড় বড় বিল্ডিং ইমারত গরিবের টাকা দিয়ে নির্মাণ যাদের কিন্তু তাদের তো তুমি কিছুই করতে পারোনি। এ তোমার কেমন বিচার? হে পরম দয়ালু রহিম রহমান তুমি আমাকে শক্তি দাও আমি যেন ঘুরে দাঁড়াতে পারি।’
মাদরাসার সুপার জয়নাল আবেদীন বলেন, এই গেটটি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক ছিল। এটি ধ্বংস হয়ে যাওয়ায় আমরা খুবই মর্মাহত। আবেগ সামলাতে না পেরে ফেসবুকে পোস্টটি করেছি।

এ বিষয়ে সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

