নিমিষেই ধ্বংস ৯ কোটি টাকার মাদক

নিমিষেই ধ্বংস ৯ কোটি টাকার মাদক

দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্ধার করা সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার দুপুরে ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দফতরে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৬ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২টি ইয়াবা, ২৬ দশমিক ৩৯৭ কেজি গাঁজা, ৩১ হাজার ৪৭৪ বোতল বিদেশি মদ, ৪২ হাজার ৩৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩৬ হাজার ৯১৮টি নেশাজাতীয় বড়ি, ৩ দশমিক ০৬৭ কেজি কোকেন, ৩৭৩৬ দশমিক ৫০০ লিটার দেশি মদ, ৬৬ হাজার ৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩ হাজার ৩৭০টি মদ তৈরির বড়ি, ১ হাজার ৯৭ বোতল বাংলাদেশি হোমিওপ্যাথিক সিরাপ ও ৩ বোতল নেশাজাতীয় দ্রব্য হাইপ্লাস।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুলসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন