দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুলপুর ইউনিয়নের লিচু বাগান থেকে আরও একজনকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, তাদের কাছে থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে মো. মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার নানিয়াটিকর গ্রামের মাহবুব ইসলাম (৪০), মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার জীবন হোসেন (২৪)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

