সিট-ট্যাঙ্কির ভেতর গাঁজা, তল্লাশিতে ধরা পড়ল পাচারের কৌশল

সিট-ট্যাঙ্কির ভেতর গাঁজা, তল্লাশিতে ধরা পড়ল পাচারের কৌশল

গাইবান্ধা শহরে অভিনব কায়দায় মোটরসাইকেলে পাচারের সময় ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও পুরাতন জেলখানা মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেল দেখতে পেয়ে থামার সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম।

পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেলটির চালক কিছুটা সামনে গিয়ে সেটি রাস্তায় ফেলে দেন। এরপর দ্রুত দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে ট্রাফিক পুলিশ সদস্যরা সদর থানায় খবর দেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি তল্লাশি শুরু করে। পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটরসাইকেলটির সিট, তেলের ট্যাঙ্কি ও পাশের কভার খুলে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের বিভিন্ন অংশের ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা গাঁজা পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। এরই ধারাবাহিকতায় সন্দেহজনক মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটির মালিকানা ও পলাতক চালকের পরিচয় শনাক্তের পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন