কৃষকের দুর্ভোগ লাঘবে জামায়াতের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

কৃষকের দুর্ভোগ লাঘবে জামায়াতের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ও খোলাহাটি ইউনিয়নের সীমান্তবর্তী ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন করেছেন জামায়াতে ইসলামী ও স্থানীয় সাধারণ মানুষ। শুক্রবার সকাল ৯টার দিকে ৭৫ নম্বর রেলগেট এলাকার পাশে এ খাল খনন কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই ইউনিয়নের প্রায় শতাধিক জমির মালিক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরাও এতে অংশ নেন।

স্থানীয় কৃষকরা জানান, কুপতলা ও খোলাহাটি ইউনিয়নের মাঝামাঝি অবস্থিত ঝিনিয়ার বিলে প্রায় ৩০০ একর আবাদি জমি রয়েছে। শুকনো মৌসুমেও এ বিলে জলাবদ্ধতা থাকায় প্রতিবছর ফসল উৎপাদন ব্যাহত হয়। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে সামান্য বৃষ্টি হলেই জমিতে পানি জমে যায়। ফলে কৃষকদের পানির মধ্যে ধান কেটে ঘরে তুলতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক সময় ফসল উৎপাদন করে লাভের পরিবর্তে লোকসান গুনতে হয়।

কৃষকদের ভাষ্য, আমন মৌসুমেও জলাবদ্ধতার কারণে চাষাবাদ ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসায় স্থানীয় কৃষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে পুরোনো খালটি পুনঃখননের কাজ শুরু করেছেন।

স্থানীয় কৃষকরা বলেন, ঝিনিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনে খালটি পুনঃখননের জন্য তৎকালীন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিনেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

এ অবস্থায় নিজেদের দুর্ভোগ লাঘব ও কৃষিজমির পানি নিষ্কাশনের জন্য স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিয়েছেন বলে জানান স্থানীয়রা।

কৃষকরা আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার হিসেবে বিভিন্ন এলাকায় খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচির আওতায় ঝিনিয়ার বিলের খালটি স্থায়ীভাবে পুনঃখননের জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনিয়ার বিলে আগে থেকেই একটি খাল ছিল। খালটি ঝিনিয়ার বিল থেকে টাকিমারী বিল হয়ে ঘাঘট নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে। দীর্ঘদিন সংস্কার ও খনন না হওয়ায় পলি জমে খালটি বর্তমানে অনেকাংশে ভরাট হয়ে গেছে।

ফলে বৃষ্টির পানি ও বিলের অতিরিক্ত পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রায় ৩০০ একর কৃষিজমির চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্বেচ্ছাশ্রমে খাল খননকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও কুপতলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জামিনুল ইসলাম, দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ ইকবাল, কুপতলা ইউনিয়ন জামায়াতের আমির শাকিল প্রামাণিক, সেক্রেটারি জাকির হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন