আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হারাগাছে বিএনপি ছেড়ে আরো অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি,পীরগাছা ও কাউনিয়া

হারাগাছে বিএনপি ছেড়ে আরো অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। গত দুই দিনে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত দেড় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শুক্রবার সকালে কাউনিয়া উপজেলার ডোবাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেন অন্তত ৭০ জন নেতাকর্মী। এর আগে বৃহস্পতিবার পীরগাছা উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে আরও অর্ধশতাধিক নেতাকর্মী একই সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

সবশেষ যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— হারাগাছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, ৩ নম্বর ওয়ার্ড হারাগাছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া এবং ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. আনারুল ইসলাম।

দল ছাড়ার বিষয়ে সদ্য যোগদানকারী নেতা ইদ্রিস আলী বলেন, “বর্তমান বিএনপির স্থানীয় নেতৃত্বের কার্যক্রমে আমরা চরমভাবে হতাশ। ক্ষমতায় যাওয়ার আগেই লুটপাট শুরু হয়েছে। আমরা এতদিন ভুল আদর্শের মধ্যে ছিলাম। জামায়াত ও এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে কোনো লোভ ছাড়াই এনসিপিতে যোগ দিয়েছি।”

সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আফজাল হোসেন অভিযোগ করে বলেন, বর্তমানে বিএনপি মামলাবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। অপরদিকে দীর্ঘ ১৭ বছর বিএনপিকে আর্থিক সহযোগিতা দেওয়া আনারুল ইসলাম জানান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের শিক্ষা, ব্যক্তিত্ব ও মার্জিত আচরণ তাকে দল পরিবর্তনে উদ্বুদ্ধ করেছে।

নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “দেশের সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ এখন পরিবর্তন চায়। ‘শাপলা কলি’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন