লালমনিরহাট কারাগারে তিন গুণ বেশি বন্দি

লালমনিরহাট কারাগারে তিন গুণ বেশি বন্দি

লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার তিন গুণের বেশি বন্দি রয়েছে। ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বন্দিরা। ১৯০ জন বন্দির ধারণক্ষমতার এই কারাগারে বর্তমানে প্রায় ৬১৯ জন বন্দি অবস্থান করছেন বলে কারাগার সূত্রে জানা গেছে। মাঝেমধ্যে এ সংখ্যা ৭০০ ছাড়িয়ে যায় বলেও জানা গেছে। ফলে কারাগারের প্রতিটি ওয়ার্ড ও লকআপে গাদাগাদি করে বন্দিদের দিন কাটাতে হচ্ছে।

জানা গেছে, ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি বন্দি থাকায় আবাসন ব্যবস্থা নিয়ে হিমশিম খেতে হচ্ছে লালমনিরহাট কারাগার কর্তৃপক্ষকে। বন্দিদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় অনেককে লকআপের ভেতর ও বাইরের বারান্দায় সংকীর্ণ স্থানে অবস্থান করতে হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি, স্যানিটেশন সংকট এবং স্বাভাবিক জীবনযাপনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। গাদাগাদি করে একসঙ্গে বসবাস করায় দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব। নিয়োগ করা একজন চিকিৎসক ও একজন ফার্মাসিস্টকে স্বাস্থ্যসেবার চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্দির পরিবার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মাদক মামলার আসামিদের লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি এক মাস আইনি সহায়তা দেওয়া থেকে বিরত ছিল। এতে মাদক মামলার আসামিদের জামিন না হওয়ায় দীর্ঘ হয়েছে আসামিদের সংখ্যা। আইনগত সহায়তা না পেয়ে জটিল হয় পরিস্থিতি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার সদ্য জামিনপ্রাপ্ত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি থাকায় কারাগারের স্যানিটেশন, গোসল, আবাসনের মতো মৌলিক সমস্যায় বন্দিরা চরম ভোগান্তিতে পড়েছেন। লালমনিরহাট জেলা কারাগারের জেলার জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, অতিরিক্ত বন্দির চাপ সামাল দিতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারাগারে বন্দিদের খাবারের মান অক্ষুণ্ণ রেখে পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় জেল কর্তৃপক্ষ সজাগ রয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি জটিল রোগের চিকিৎসায় তাৎক্ষণিক সদর হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়ে থাকে বলেও জানান তিনি।

মানবাধিকারকর্মী ও স্থানীয় বেসরকারি সংস্থা ফিডারের নির্বাহী পরিচালক ফিরোজা বেগম বলেন, কারাগারের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি থাকায় বন্দিরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন