জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান নিয়েই পড়ে আছেন। কথায় কথায় তিনি সংবিধানের দোহাই দিচ্ছেন। তাদের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।’
শনিবার দুপুরে রংপুরে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে দলটির সদস্য প্রার্থী ও অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলাও উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সহনশীলতার পরিবর্তে ভিন্নমত দমনে সহিংসতার সংস্কৃতি তৈরি হচ্ছে।
গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশায় জাতীয় গণভোটে বিপুল সমর্থন দিয়েছিল। কিন্তু সরকার পরবর্তীতে জুলাই গণভোট অধ্যাদেশ বাতিল করে জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে।
তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সাম্প্রতিক সময়ে সচিবালয় ও সুপ্রিম কোর্ট-সংক্রান্ত বিধান পরিবর্তনের মাধ্যমে সরকার আবারও প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত করার পথে হাঁটছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তব্যের শেষ দিকে আব্দুল হালিম বলেন, দেশের চলমান সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির এটিএম আজম খান, নীলফামারী জেলা আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, রংপুর মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

