রংপুরের বদরগঞ্জে রড সিমেন্ট ও ঢেউটিনের দোকানে ঢুকে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় বিচার চেয়েছেন ব্যবসায়ী জাহিদুল হক। মঙ্গলবার রংপুরের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
তিনি লিখিত বক্তব্যে জানান, বদরগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ইশতিয়াক আহমেদ বাবু নামে এক ব্যক্তির কাছ থেকে ২০১৯ সালের ১৮ মে ১৮ লাখ ৫০ হাজার টাকা জামানত দিয়ে একটি দোকান ও তিনটি গোডাউন ঘর ভাড়া নেন। চুক্তির মেয়াদ আছে ২০২৮ পর্যন্ত। জামানতের টাকা ফেরত না দিয়ে ইশতিয়াক দোকান ছাড়তে চাপ দেন।
পরে জাতীয় পার্টির সাবেক এমপি ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ আলী সরকার লোক পাঠিয়ে দোকান ও গোডাউন ঘর ছাড়তে বলেন। নিজের ও দোকানের নিরাপত্তার কথা ভেবে থানায় গেলে সেখান থেকে কয়েকজন পুলিশ সদস্য দোকানে আসেন। এ সময় পুলিশের উপস্থিতিতেই আমাকেসহ দোকানের কর্মচারীদের এলোপাতাড়ি মারধর করেন।
একপর্যায়ে একজন সন্ত্রাসী ছুরিকাঘাত করেন। দোকানে ভাঙচুরসহ ক্যাশ বাক্সে থাকা প্রায় চার লাখ টাকা লুটিয়ে নেন। এ সময় আমার ও কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যরা দর্শকের ভূমিকা পালন করেন। তবে সাবেক এমপি ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ আলী সরকার বলেন, হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

