রংপুরের পীরগাছায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরীন আক্তার ত্বারীন (২১)।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পীরগাছা রেলস্টেশনের কাছাকাছি সুখানপুকুর এলাকায় সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রাশেদা বেগম নিহত হন। ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তিনি রেললাইনের পাশে ছিলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর প্রায় ১০ মিনিট পর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে একই এলাকায় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে আইরীন আক্তার ত্বারীনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালের দিকে যাওয়ার সময় আইরীন রেললাইনে শুয়ে পড়েন। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আইরীন আক্তার ত্বারীনের প্রায় ছয় বছর আগে একই গ্রামের আব্দুর রউফের সঙ্গে বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষমাণ ছিল। এ সময় সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দেয়। পরে পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গণি জানান, দুই লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

