তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, ৪৪টি জলকপাট খোলা

জেলা প্রতিনিধি, নীলফামারী

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, ৪৪টি জলকপাট খোলা

টানা ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে ফের ফুঁসে উঠেছে তিস্তা নদী। সোমবার রাত ৮টায় দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার (৫২.২৫) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা ৬টায় তিস্তা বিপৎসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং বেলা ৩টায় তিস্তা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

তিস্তা নদীর পানি বেলা ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টায় ৭ সেন্টিমিটার বেড়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড তিস্তা ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি আরো জানান, আগাম বার্তা অনুযায়ী তিস্তার পানি আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা বড় বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তিস্তায় পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত) মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানির সমতল বেড়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও দুধকুমারের পানির সমতল বেড়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া এই সময়ে গাইবান্ধা জেলায় তিস্তা নদী, কুড়িগ্রামে ধরলা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, রাত ৮টায় তিস্তা নদী বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। প্রবাহিত পানি লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে তিনি জানান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...