একটি মহল দেশকে অশান্ত করতে চায়: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

একটি মহল দেশকে অশান্ত করতে চায়: মির্জা ফখরুল
ছবি: আমার দেশ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সবাইকে সর্তক থাকতে হবে। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে। পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকারের মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।’

তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘তরুণদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। মাদকাসক্তি থেকে বিরত থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধার সম্পাদক পয়গাম আলী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...