বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঘিরে থমথমে পরিস্থিতি

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঘিরে থমথমে পরিস্থিতি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও রংপুর মহানগর শাখা ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা।

এ সময় বেরোবি ছাত্রদলের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নূর হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস সচিব আফতাবুজ্জামান সুজন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদেরকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। সংঘর্ষের আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।

এদিকে, এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি ও দর্শনার্থীসহ সব ধরনের বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন, যারাই ৭১ কে কটাক্ষ ও জুলাইকে ছোট করবে তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্মক প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

তাজহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে। আমরা সবকিছু নজরে রাখছি, আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে ও আমাদের কন্ট্রোলেই আছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, গতকালকের ঘটনার পর আমরা দুই ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বসেছি এবং আলোচনা করেছি। আজকের এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোন কর্মসূচি নয় এটা রংপুর মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি। তারা শান্তিপূর্ণভাবেই ক্যাম্পাসের বাইরে অবস্থান কর্মসূচি গ্রহণ করছে। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ আছি।

সোমবার রাতে বেরোবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিবাদ ও গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 'অদম্য জুলাই' শিরোনামে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কারমাইকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল করার কথা ছাত্রশিবিরের।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন