এ বছর শীত মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। একই সঙ্গে শীতের স্থায়িত্ব কমার আশঙ্কাও করছেন আবহাওয়াবিদেরা। প্রশান্ত মহাসাগরে সক্রিয় এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে শীতের স্থায়িত্ব কতটা কমবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট পূর্বাভাস পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। বাংলাদেশেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এবার শীত তুলনামূলক উষ্ণ হতে পারে; অর্থাৎ শীত কিছুটা দেরিতে এসে খানিকটা আগেই বিদায় নিতে পারে এবং এর স্থায়িত্বও কম হতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দেশের উত্তরাঞ্চলে রাত ও ভোরে ইতিমধ্যেই হালকা শীত অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। তবে এল নিনোর প্রভাবে সার্বিকভাবে শীত মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনাই বেশি।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ১৪ অক্টোবর প্রকাশিত দক্ষিণ এশিয়ার মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ এলাকায় দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার চেয়ে বেশি থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাসে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিনও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, রাতের তাপমাত্রা কমতে থাকায় উত্তরাঞ্চলে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। তবে শীতের মূল তীব্রতা ও স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত ধারণা পেতে আরও কিছুদিন আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


