রংপুর মহানগরের হারাগাছ থানার একটি এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে যৌন সম্পর্কের প্রস্তাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তারা হলেন— রংপুর সিটি করপোরেশনের মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মজমুলের ছেলে মোকারেম ওরফে মোকা (২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল জানান, তিনি প্রতিবেশী মোকারেমের কাছ থেকে ওই ভিডিও সংগ্রহ করেছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মোকারেমকেও আটক করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মোকারেম স্বীকার করেন, প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়ির ওয়াশরুমে গোসল করার সময় তিনি গোপনে ভিডিও ধারণ করেন।
রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের নির্দেশে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

