নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৭ ঘণ্টা দেরিতে চলাচল করেছে লালমনিরহাট–ঢাকা রুটের লালমনি এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশনে সকাল ১১টা ৫০ মিনিটে নির্ধারিত সময় অনুযায়ী পৌঁছানোর কথা থাকলেও দীর্ঘ বিলম্বে সন্ধ্যা ৭টায় স্টেশনে আসে। পরে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি।
দীর্ঘ সময় ট্রেনের অপেক্ষায় স্টেশনে অবস্থান করা যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। যাত্রী শরিফুল ইসলাম ও আমিনুর রহমান অভিযোগ করে বলেন, আরামদায়ক ভ্রমণের আশায় ট্রেনে উঠলেও এমন দেরিতে চলাচলে তাদের ভোগান্তি বেড়েছে। তারা প্রশ্ন তোলেন, একটি ট্রেন কীভাবে সাত ঘণ্টা দেরি করে চলতে পারে।
আরেক যাত্রী ময়নুল ইসলাম বলেন, “ঈদের আগে এমন দীর্ঘ বিলম্ব মেনে নেওয়া যায় না। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।”
এ বিষয়ে ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ইঞ্জিন সংক্রান্ত জটিলতার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। একই কথা জানান বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার প্রদীপ চন্দ্র। তিনি বলেন, ইঞ্জিনের ত্রুটির কারণেই এ সমস্যা হয়েছে, যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

