নীলফামারীর ডিমলায় রোববার (৭ জুন) বিকেলে পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের মরহুম মোকলেসুর রহমানের ছেলে রবিউল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আসফিয়া (৪) রোববার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় দুই চাচাতো বোন গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিবাকর অধিকারী পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

