গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কাউনিয়ার দুই যুবক আলামিন ও রকি।
স্থানীয়রা জানান, গতকাল রোববার রাত ৯টার দিকে কাউনিয়া থেকে ভাঙারির মাল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়।
এ সময় রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা খুলে ঠিক করার সময় হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি এসে তাদের চাপা দিলে তারা দুই বন্ধুই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতরা হলেন—মো. রকি (২৩), পিতা: আলমগীর, সাং: শাহাবাজ এবং মো. আলামিন (২৩), পিতা: শাহাবুদ্দিন, সাং: হরিশ্বর, উপজেলা: কাউনিয়া, জেলা: রংপুর।
নিহতদের জানাজা সোমবার বাদ আসর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

