বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসন। তবে এবার প্রচলিত পান্তা-ইলিশের পরিবর্তে আয়োজন করা হয় রুই মাছ দিয়ে পান্তা ভাতের আপ্যায়ন, যা স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি করে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ছিল লক্ষণীয়। পান্তা ভাতের সঙ্গে পরিবেশন করা হয় ভাজা রুই মাছ, আলু ভর্তা, শুঁটকি ভর্তা, কাঁচা মরিচ ও পেঁয়াজ।
আয়োজকরা জানান, ইলিশ মাছের উচ্চমূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশীয় সহজলভ্য মাছ রুইকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের নাগালে নববর্ষের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এ আয়োজনকে “দুর্বল আয়োজন” বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়, যেখানে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ সংগীত ও বৈশাখী মেলা, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

