ল্যাপটপ দেয়ার প্রলোভনে টাকা দাবি, সতর্ক করলেন ইউএনও

ল্যাপটপ দেয়ার প্রলোভনে টাকা দাবি, সতর্ক করলেন ইউএনও

নীলফামারীর কিশোরগঞ্জে ইউএনও পরিচয় দিয়ে দামি ল্যাপটপ প্রদানের প্রলোভন দেখিয়ে কয়েকজন শিক্ষকের কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার রাতে প্রতারক চক্রটি কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে।

বিজ্ঞাপন

ঘটনা শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে সতর্ক থাকার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, আমি ঘটনাটি একজন মাদ্রাসা শিক্ষকের কাছে শুনেছি। আমি সাথে সাথে সতর্ক করে দিয়েছি। আমার পরিচয় দিয়ে কেউ কিছু দাবি করলে না দেয়ার নির্দেশনা প্রদান করি।

চরকবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ জানান, আমাকে মঙ্গলবার রাত ৯টার দিকে একজন ফোন দিয়ে নিজেকে ইউএনও পরিচয় দেয়। তিনি বলেন কিছু দামি ল্যাপটপ আছে, বিতরণ করা হবে। ল্যাপটপ নিতে চাইলে ৯ হাজার টাকা বিকাশে দিতে হবে। এ কথা শুনে সন্দেহ হলে ল্যাপটপ লাগবে না বলে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখি। আমি জানি আমাকে সরকারিভাবে ল্যাপটপ দেয়া হলে অফিস থেকে জানানো হবে। এটি প্রতারক চক্র, তাই ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখি।

একই রাতে মুশা পুষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামকেও প্রতারক চক্রটি ফোন দেয়। তাকেও দামি ল্যাপটপ প্রদানের প্রলোভন দিয়ে ৯ হাজার টাকা দাবি করে। তার সন্দেহ হলে পরে জানাবো বলে জানান। পরে তিনি বিষয়টি সরঞ্জাবাড়ী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ শরীফকে শেয়ার করলে তাকেও ফোনে ল্যাপটপের প্রলোভন দেয়া হয়েছে বলে জানান। তখন মাহমুদ শরীফ খোঁজ নিয়ে জানতে পারে, এটি প্রতারক চক্রের কাজ। তখন তারাও সতর্ক হয়।

এদিকে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা জানান, আমাকেও ফোন দিয়েছিল ইউএনও পরিচয়ে। তবে আমি প্রতারক চক্রকে পাত্তা দেইনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও প্রতারক চক্রটি ফোন দেয়। তবে কেউ প্রতারক চক্রটির ফাঁদে পা দেয়নি বলে জানা গেছে।

বুধবার উপজেলা শিক্ষা অফিস থেকে প্রতারণা থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে প্রধান শিক্ষকরা স্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, আমি সকলকে ইউএনও পরিচয়ে কেউ কিছু দেয়ার প্রলোভনে টাকা দাবি করলে না দেয়ার জন্য সতর্ক করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...