চিকিৎসায় অবহেলার অভিযোগ

পীরগঞ্জে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু

পীরগঞ্জে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু
ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদনে সন্তান প্রসবের জন্য ভর্তি এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যু হয়েছে।

নিহত প্রসূতির নাম শ্রাবণী বেগম (১৯)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর ছাইগাড়ী গ্রামের রোহানের স্ত্রী। তার বাবার নাম মতিয়ার রহমান। স্বজনরা জানান, শ্রাবণী তার বাবা-মায়ের একমাত্র মেয়ে ছিলেন।

বিজ্ঞাপন

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সন্তান প্রসবের জন্য শ্রাবণীকে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরে ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত নগর মাতৃসদনে নেওয়া হয়। মঙ্গলবার রাত ৮টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর রাত ১১টা পর্যন্ত চিকিৎসার চেষ্টা করা হয়। পরিবারের দাবি, এ সময়ের মধ্যেই শ্রাবণীর মৃত্যু হয়। তবে মৃত্যুর বিষয়টি তাদের না জানিয়ে অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে অভিযোগ স্বজনদের।

দায়িত্বে থাকা চিকিৎসক হিসেবে স্বজনরা ডা. মো. আহসানুল আবেদীন মামুনের নাম উল্লেখ করেছেন। তিনি নগর মাতৃসদনের ক্লিনিক ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে ডা. মো. আহসানুল আবেদীন মামুনের বক্তব্য জানতে তার কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর অবস্থা খারাপ দেখে আমরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

অন্যদিকে, স্বজনদের দাবি, চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই প্রসূতি শ্রাবণী ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...