কিশোরগঞ্জ উপশহর ও প্রধান বাজার যানজটমুক্ত করতেই খেলুর বাড়ির মোড় থেকে গদা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হয়। কিন্তু বড় বড় গর্ত আর খানাখন্দে ভরপুর হওয়ায় এই সড়কে যানবাহন ও পথচারীরা আর চলাচল করছে না। ফলে যানজটমুক্তকরণের সড়কটিই উপশহর ও প্রধান বাজারে যানজটের কারণ হয়ে দেখা দিয়েছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, বাইপাস সড়কটি নির্মাণের পর সংস্কারের কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ফলে সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।
কিশোরগঞ্জ প্রধান বাজার সংলগ্ন খেলুর বাড়ির মোড় থেকে গদা স্কুল মোড় পর্যন্ত বাইপাস সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরপুর ও কার্পেটিং উঠে বড় বড় গর্ত হওয়ায় যানবাহন ও পথচারীরা চলাচল বন্ধ করে দিয়েছে। এ বাইপাস সড়ক দিয়ে বড়ভিটা, জলঢাকাসহ বিভিন্ন এলাকার যানবাহন বের হয়ে যেত। এখন যানবাহন না চলার কারণে প্রতিদিন সন্ধ্যায় উপশহর, প্রধান বাজার, বাইতুন নুর জামে মসজিদ মোড়সহ বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারীরা যানজটে নাকাল হয়ে পড়ছেন। পথচারীরা দিনের বেলা চলাচল করলেও সন্ধ্যা হলে সড়কটি ভুতুড়ে হয়ে পড়ে। ফলে দিন দিন মানুষজনের দুর্ভোগ বেড়েই চলছে।
ভ্যানচালক সাইফুল বলেন, সড়কটি খানাখন্দে ভরপুর হওয়ায় প্রধান বাজার দিয়ে চলাচল করছি। এ রাস্তাটি ব্যবহার না হওয়ায় উপশহর ও বাজারে দিন দিন যানজট বেড়েই চলছে।
অটোচালক নকুল বলেন, বাইপাস সড়কটি চলাচলের অনুপযোগী। আমরা প্রধান বাজার দিয়ে বাইতুন নুর মসজিদের সামনে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছি। ফলে প্রধান বাজারে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, আমরা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বাইপাস সড়কটি সংস্কারের কথা বারবার বলছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। কিশোরগঞ্জ বাজারের বাইপাস সড়কটি চলাচলে অনুপযোগী
হওয়ায় প্রধান বাজারে তীব্র যানজট হচ্ছে। ভোগান্তি আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, কিশোরগঞ্জ বাজার সংলগ্ন বাইপাস সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটি সংস্কার করা জরুরি। বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই জরুরি ভিত্তিতে সংস্কারের পদক্ষেপ নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

